তাহিরপুরে পুলিশের ওপর হামলা, আহত ৪; গ্রেপ্তার ৭

তাহিরপুরে পুলিশের ওপর হামলা, আহত ৪; গ্রেপ্তার ৭

মোঃ নোমান হাসান খাঁন, স্টাফ রিপোর্টার:

তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে জুয়ারিদের হামলায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)সহ চার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল হক।

পুলিশ জানায়, বুধবার (১৩ মে) রাতে উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার উজান তাহিরপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় একটি দোকানকক্ষ থেকে জুয়ার সরঞ্জাম, নগদ টাকা জব্দ করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসার পথে রাত ৮টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে এএসআই মিরান হোসেন মোল্লা, কনস্টেবল বদরুল হোসেন, মিঠু মিয়া ও ভৈরব দাস আহত হন।

খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে।

এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে আরও একজনকে পলাতক আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।