ডেস্ক রিপোর্ট:
টাঙ্গাইল পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর ভাস্কর্য ঘিরে মেলার স্টল নির্মাণের ঘটনায় চরম সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উদ্যানের প্রবেশমুখে স্থাপিত বীরশ্রেষ্ঠদের আবক্ষ ভাস্কর্যগুলোকে ঘিরে বাঁশ ও দড়ি বেঁধে বিসিক মেলার অস্থায়ী স্টল তৈরি করা হয়েছে। কোথাও ভাস্কর্যের গলার ওপর দিয়ে দড়ি টানা হয়েছে, আবার কোথাও ভাস্কর্যের গায়ে ঠেকিয়ে কাঠামো দাঁড় করানো হয়েছে। এতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মারক ব্যবহারের বিষয়টি সাধারণ মানুষের কাছে অবমাননাকর হিসেবে প্রতীয়মান হয়েছে।
স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধারা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এক শিক্ষার্থী বলেন, “যাদের ত্যাগে দেশ স্বাধীন, তাদের স্মৃতিচিহ্নকে এভাবে ব্যবহার করা জাতীয় চেতনার জন্য অপমানজনক।” মুক্তিযোদ্ধারা দ্রুত এসব স্টল অপসারণ ও সংশ্লিষ্টদের জবাবদিহির দাবি জানান।
এ বিষয়ে মেলা সংশ্লিষ্টরা জানান, স্থান সংকুলানের কারণে স্টলগুলো এভাবে স্থাপন করা হয়েছে। তবে অভিযোগ ওঠার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সচেতন মহলের মতে, যে কোনো আয়োজনের আগে জাতীয় বীরদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান নিশ্চিত করা জরুরি। এ ধরনের ঘটনা প্রশাসনিক তদারকির ঘাটতির দিকটি স্পষ্টভাবে তুলে ধরে।
