বগুড়ায় ভুয়া চক্ষু চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ভুয়া চক্ষু চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা

মো আল মুনতাকিম

বগুড়ায় নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযুক্ত এম কে এ সাকিদার শহরের সূত্রাপুর এলাকায় ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামে একটি প্রতিষ্ঠান চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

রোববার (৩ মে ২০২৬) সংস্থাটির সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের সদস্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, এম কে এ সাকিদার মূলত পল্লী চিকিৎসক হলেও প্রায় তিন বছর ধরে নিজেকে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা দিচ্ছিলেন। তিনি নিজের নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করে সাধারণ রোগীদের বিভ্রান্ত করতেন।

এছাড়া অভিযোগ রয়েছে, মোহাম্মদ আলী হাসপাতাল-এ চিকিৎসা নিতে আসা রোগীদের দালালের মাধ্যমে তার প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হতো।

অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি অভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়াবেন না বলে অঙ্গীকার করেন। পরবর্তীতে ভোক্তা অধিকার আইনে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।