স্পোর্টস ডেস্কঃ
হোটেলের বাথরুমে নারীদের গোপনে গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণের অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে ৫ লাখ শ্রীলঙ্কান রুপির মুচলেকায় জামিনে মুক্তি দেওয়া হয়।
প্রতিবেদনে জানা যায়, নারাহেনপিতার একটি হোটেলে অবস্থানরত নারী অতিথিরা অভিযোগ করেন যে, বাথরুমে থাকার সময় তাদের ভিডিও ধারণ করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই ক্রিকেটারকে আটক করে।
শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে পড়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক শুনানির জন্য তাদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আগামী ২৫ মে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে এখনো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি বোর্ডে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন একটি ট্রান্সফরমেশন কমিটি গঠন করা হয়েছে।
৯ সদস্যের ওই কমিটিতে কুমার সাঙ্গাকারা, রোশন মহানামা ও সিদাথ ওয়েট্টিমুনির মতো সাবেক ক্রিকেটাররা রয়েছেন। কমিটির নেতৃত্বে আছেন সাবেক সংসদ সদস্য এরান বিক্রমরত্ন, যিনি এখন বোর্ডের প্রশাসনিক ও নীতিগত দায়িত্ব পালন করছেন।
বিশ্লেষকদের মতে, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর অভিযুক্ত খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। একই সঙ্গে লঙ্কান ক্রিকেটে শৃঙ্খলা ও নৈতিক মান বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
