খুলনায় সময় না মেনে রাতেও খোলা দোকান

খুলনায় সময় না মেনে রাতেও খোলা দোকান

মো: আল-মাহফুজ শাওন

সন্ধ্যা ছয়টার পর বন্ধের নির্দেশনা থাকলেও রাত ৯টার পরও চলছে বেচাকেনা, প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

খুলনা মহানগরীতে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে নির্ধারিত সময় পার হলেও খোলা রাখা হচ্ছে বিভিন্ন বাজার ও মার্কেট। বিশেষ করে বড়বাজার এলাকায় সন্ধ্যা ছয়টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও বাস্তবে তার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জরুরি সেবাখাত ছাড়া অন্যান্য সব দোকান ও মার্কেট সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ রাখার নিয়ম থাকলেও রাত নয়টার পরও বড়বাজারের বিভিন্ন দোকানে সাদা ও রঙিন আলো জ্বলতে দেখা গেছে। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে এলাকাজুড়ে ছিল স্বাভাবিক ব্যস্ততা।

এদিকে প্রশাসনের এমন নির্দেশ অমান্য করায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—নিয়ম বাস্তবায়নে কতটা সক্রিয় ভূমিকা রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, নিয়ম ভঙ্গের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।