বিনোদন ডেস্ক:
বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার আবারও দেখালেন, হরর-কমেডি ঘরানায় তার জনপ্রিয়তা এখনো তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া সিনেমা ‘ভূত বাংলা’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মাত্র ৯ দিনের মধ্যেই ছবিটি ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করে নতুন সাফল্য যোগ করেছে।
১৭ এপ্রিল মুক্তির পর থেকেই সিনেমাটি হলে হলে দর্শকদের ভিড় তৈরি করে। প্রথম সপ্তাহেই ছবিটি আয় করে প্রায় ৮৪ কোটি রুপি। পরবর্তী সপ্তাহান্তে ব্যবসায় গতি আসে এবং শনিবার আয় হয় প্রায় ৯.৯৮ কোটি রুপি। ১০ম দিনের রোববার সকাল পর্যন্ত মোট আয় দাঁড়ায় ১০০.৯৮ কোটি রুপি।
বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, দ্বিতীয় রোববারে সিনেমাটির আয় ১৫ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। প্রায় ১২০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবি দ্রুতই তার খরচ তুলে নিচ্ছে। বর্তমানে এটি ‘গিনি ওয়েডস সানি ২’-এর সঙ্গে প্রতিযোগিতায় থাকলেও আয় ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে অক্ষয়ের ছবি।
প্রিয়দর্শন ও অক্ষয় কুমারের এই নতুন জুটি আবারও দর্শকদের হাসি ও ভয়ের মিশ্র অভিজ্ঞতা দিচ্ছে, যার প্রভাব স্পষ্ট বক্স অফিসে।
‘ভূত বাংলা’ একটি ফ্যান্টাসি-ড্রামা ঘরানার সিনেমা। এতে আরও অভিনয় করেছেন ভামিকা গাব্বি, রাজপাল যাদব, টাবু ও পরেশ রাওয়াল। ছবির অধিকাংশ শুটিং হয়েছে রাজস্থানে।
