জনবান্ধব ও সেবামুখী পুলিশ গড়ার আহ্বান আইজিপির

জনবান্ধব ও সেবামুখী পুলিশ গড়ার আহ্বান আইজিপির

মো: আল-মাহফুজ শাওন

খুলনায় এক বিশেষ কল্যাণ সভায় পুলিশের সর্বস্তরে আচরণ ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব এবং সে লক্ষ্যেই কাজ করতে হবে।

শনিবার (২৫ এপ্রিল) খুলনা বিভাগের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি থানাকে সাধারণ মানুষের জন্য আরও সহজপ্রাপ্য ও আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন। ক্ষমতার অপব্যবহার না করে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আইজিপি বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ মোকাবিলায় জনগণের সম্পৃক্ততার ওপর জোর দিয়ে তিনি সম্মিলিত উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, যেকোনো অপরাধ বা দুর্ঘটনায় দ্রুত তদন্ত, সঠিক প্রতিবেদন ও তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় তদারকির মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব।

সভায় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে আইজিপি তা সমাধানের আশ্বাস দেন। এর আগে খুলনায় পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয় এবং তিনি বিভিন্ন স্থাপনা পরিদর্শনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।