বগুড়ার শেরপুর থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী তার কর্মস্থল ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ স্ট্যাটাস প্রকাশ করেন।
বিদায়ী বার্তায় তিনি শেরপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “প্রিয় শেরপুরবাসী, আসসালামু আলাইকুম। গত ০৮/১২/২৫ খ্রিস্টাব্দে অফিসার ইনচার্জ হিসেবে আপনাদের থানায় যোগদান করেছিলাম। যোগদানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনাদের সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।”
তিনি আরও উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততার কারণে অন্যান্য বিষয়গুলো অগ্রাধিকার দিতে না পারলেও আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা ছিল প্রশংসনীয়। এ সহযোগিতার জন্য তিনি শেরপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
বিদায়ী বার্তায় নিজের সম্ভাব্য ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, “চলার পথে আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করছি। যতদিন বেঁচে থাকবো আপনাদের সহযোগিতা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।”
জানা গেছে, মো. ইব্রাহীম আলীর পরবর্তী কর্মস্থল হিসেবে বগুড়া সদর থানায় দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
