মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছরের এক শিশুকে খালি ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বিন্নাকুলি ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানাযায় গ্রেপ্তার রাকিব মিয়া বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামের বাসিন্দা আজিজ মিয়ার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১৭(সেপ্টেম্বর বৃহস্পতিবার)আসরের নামাজের পর শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলা করছিল। এ সময় রাকিব বিস্কুট দেওয়ার কথা বলে তাকে একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
একপর্যায়ে শিশুটি ডাক চিৎকার করলে রাকিব দরজা খুলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে।
শিশুটির চাচা বলেন, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘটনার পর থেকে সে বারবার আঁতকে উঠছে। রাতে তাকে থানায় নিয়ে গিয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে শনিবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

