হ্যাটট্রিকে উজ্জ্বল পেদ্রো, বড় জয়ে পাঁচে চেলসি

হ্যাটট্রিকে উজ্জ্বল পেদ্রো, বড় জয়ে পাঁচে চেলসি

দীর্ঘদিন গোলখরায় ভোগার পর আবারও ছন্দে ফিরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। তার দুর্দান্ত হ্যাটট্রিকেই চেলসি পেয়েছে বড় জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে হারিয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছে লন্ডনের ক্লাবটি।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল স্বাগতিকদের দখলে। দ্বিতীয় মিনিটেই সতীর্থের পাস পেয়ে চেলসি রক্ষণ ভেঙে ব্যাকহিল শটে গোল করেন ডগলাস লুইস। তবে ৩৫ মিনিট পর্যন্তই টিকে ছিল সেই লিড। কাছ থেকে ফিনিশিং করে সমতা ফেরান জোয়াও পেদ্রো।

প্রথমার্ধের ইনজুরি সময়ে আবারও জ্বলে ওঠেন এই ব্রাজিলিয়ান। এনজোর থ্রু বল ধরে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে দলকে এগিয়ে দেন পেদ্রো।

বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেলসি। ৫৫ মিনিটে পালমার দূরপাল্লার শক্ত শটে ব্যবধান বাড়িয়ে করেন ৩–১। এর কিছুক্ষণ পরই নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন পেদ্রো। গার্নাচোর পাস থেকে ডান পায়ের শটে জালে বল জড়ান তিনি।

গত গ্রীষ্মে চেলসিতে যোগ দেওয়ার পর এটিই পেদ্রোর প্রথম হ্যাটট্রিক। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ১৪তম গোল।

এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগের পঞ্চম স্থানে উঠেছে চেলসি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই আছে লিভারপুল। আর ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *