মো: ওবাইদুল হক, স্টাফ রিপোর্টার যশোর:
যশোরের বাঘারপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আজ উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের রাধানগর বাওড়-সংযুক্ত খালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাধানগর বাওড়-সংযুক্ত খালে অবৈধ চায়না জাল দিয়ে মাছ ধরার খবর পেয়ে অভিযান চালায় মৎস্য দপ্তর। উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রিপন কুমার ঘোষের নেতৃত্বে পরিচালিত অভিযানে খাল থেকে প্রায় ৪ হাজার মিটার চায়না জাল উদ্ধার করা হয়।
অভিযান শেষে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে উদ্ধার করা জালগুলো নিয়ম অনুযায়ী ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রিপন কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাধানগর বাওড়-সংযুক্ত খালে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার করা হয়েছে। পরে নিয়ম অনুযায়ী জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

