মো. রিয়াদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
দিনের ব্যস্ততা শেষ হলেই বদলে যায় ভূলতা ফ্লাইওভারের চিত্র। রাত গভীর হলে মানুষের চলাচল কমে আসে। আর এই নির্জনতার সুযোগে পথচারী ও মোটরসাইকেল আরোহীদের পথরোধ করে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়দের মধ্যে বাড়ছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা।
সম্প্রতি এমন একটি ঘটনার শিকার হওয়ার অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার বাসিন্দা মো. আক্তার হোসেন (৪২)। তাঁর অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর ২০২৬ রাতে মাধবদী থেকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ভূলতা ফ্লাইওভারে তাঁকে পথরোধ করে হামলা চালায় একদল দুর্বৃত্ত।
আক্তার হোসেন জানান, তিনি মাধবদীর একটি এলপি টেক্সটাইল মিলে কাজ করেন। ওই দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ভূলতা ফ্লাইওভারে ওঠার পরপরই তিনটি মোটরসাইকেলে থাকা চারজন ব্যক্তি তাঁর গতিরোধ করেন। এ সময় দেশীয় অস্ত্র, চাপাতি ও ছুরি দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, হামলার পর দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ৭ সেপ্টেম্বর আক্তার হোসেনের ছেলে মোঃ সাজিদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রাতের বেলায় ভূলতা ফ্লাইওভারে মানুষের চলাচল কমে যাওয়ায় অপরাধীরা সুযোগ নিতে পারে। এ কারণে ফ্লাইওভারে রাতের পুলিশি টহল জোরদার ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূলতা ফ্লাইওভারে পুলিশের টহল ও অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

