মো: আল-মাহফুজ শাওন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি বিভিন্ন কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান ও পরিকল্পিত ফিডিং কর্মসূচি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, পুষ্টি নিশ্চিতকরণ এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদ্যালয়ভিত্তিক ফিডিং কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পাঠদানে মনোযোগ বাড়ার পাশাপাশি প্রাথমিক শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
সভায় প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তারা ফিডিং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানান। একই সঙ্গে ফিডিং কর্মসূচির সুফল যাতে প্রকৃতভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

