এসকে এম মহসিন রেজা ,উপজেলা প্রতিনিধি (খুলনা):
কয়রা উপজেলার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী, কয়রার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমাদি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ শামসুদ্দিন আহমেদ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। তাঁর এই মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী, স্বজন ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘ জনপ্রতিনিধিত্বের কর্মজীবনে তিনি সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করেছিলেন। কয়রার শিক্ষা প্রসারে তাঁর বিশেষ অবদান রয়েছে; তাঁরই হাত ধরে প্রতিষ্ঠিত ‘খান সাহেব কোমর উদ্দীন মডেল কলেজ’ আজও অঞ্চলের শিক্ষাক্ষেত্রে আলো ছড়িয়ে যাচ্ছে। এছাড়া নানাবিধ সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
কয়রা খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের বাইরেও তিনি পরিবার এবং এলাকাবাসীর কাছে একজন অভিভাবকতুল্য পরম শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে সমাদৃত ছিলেন।
মরহুমের মৃত্যুতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

