সৈয়দ আমান উল্লাহ, স্টাফ রিপোর্টারঃ
সিলেটের কানাইঘাট বাজারে দিন দিন যানজট বাড়ছে। ব্যস্ত সড়ক ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যানবাহন চলাচল ও দাঁড়িয়ে থাকার কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা, ব্যবসায়ীরা ও পথচারীরা। দীর্ঘদিন ধরে নিয়মিত ট্রাফিক ব্যবস্থা না থাকায় স্থানীয়রা অভিযোগ করেছে যে, পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে।
এ অবস্থায় কানাইঘাট বাজারের যানজট কমানোর জন্য দ্রুত নিয়মিত ট্রাফিক ব্যবস্থা চালুর দাবী জানিয়েছেন কানাইঘাট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুহুল আমিন।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে রুহুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে কানাইঘাট বাজারে কোনো মোবাইল টিম বা নিয়মিত ট্রাফিক ব্যবস্থা না থাকায় যানজট সমস্যা ক্রমাগত বাড়ছে। প্রতিদিন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যানজট তৈরি হওয়ায় সাধারণ মানুষকে দুর্ভোগ ভোগ করতে হচ্ছে।
তিনি বলেন, কানাইঘাট বাইপাস এলাকায় অনেক সময় ট্রাফিক সদস্যদের কাজ করতে দেখা যায়, তবে বাজারের ভেতরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়মিত ট্রাফিক ব্যবস্থা নেই। অথচ বাজারের কেন্দ্রস্থলে যানবাহন ও মানুষের চাপ সবচেয়ে বেশি। ফলে এসব স্থানে কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা জরুরি।
রুহুল আমিন আরও জানান, তিনি কয়েক দিন ধরে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। বাজারে ট্রাফিক ব্যবস্থা দেওয়ার আশ্বাসও পেয়েছেন। তবে এখনো পর্যন্ত নিয়মিত ট্রাফিক ব্যবস্থা চালু না হওয়ায় জনদুর্ভোগ চলছে।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাজারের গুরুত্বপূর্ণ জায়গায় অন্তত দুইজন ট্রাফিক সদস্য নিয়মিত দায়িত্ব পালন করলে দীর্ঘদিনের যানজট অনেকটাই কমানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, শুধু সাময়িকভাবে ট্রাফিক সদস্য রেখে নয়, বাজারের যানজট স্থায়ীভাবে কমাতে সিএনজি, মিশুক ও অটোরিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড, সুশৃঙ্খল পার্কিং এবং যান চলাচলের কার্যকর ব্যবস্থা প্রয়োজন।
স্থানীয় সচেতন মহলের মতে, কানাইঘাট বাজারের সাম্প্রতিক সড়ক উন্নয়ন কার্যকর করতে হলে এর সঙ্গে সমন্বিত ট্রাফিক ব্যবস্থাও অপরিহার্য। নিয়মিত ট্রাফিক ব্যবস্থা চালু হলে একদিকে জনদুর্ভোগ কমবে, অন্যদিকে বাজারের সৌন্দর্য ও ব্যবসায়িক পরিবেশ উন্নত হবে।
রুহুল আমিনের প্রত্যাশা, জনস্বার্থে বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং কানাইঘাট বাজারকে যানজটমুক্ত ও সুশৃঙ্খল বাজার তৈরি করবে।
“যানজটমুক্ত কানাইঘাট বাজার আমাদের সকলের প্রত্যাশা”— বলেন ছাত্রদল নেতা রুহুল আমিন।

