সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার মোট ফলাফলে পাশের হার কিছুটা কমেছে তবে নাটোরের সিংড়া উপজেলার বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ অসাধারণ সফলতা দেখিয়েছে।
উপজেলার অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাশের হারে প্রথম স্থান অধিকার করেছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
এ বছর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৪৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৪২ জন শিক্ষার্থী সফলভাবে পাশ করেছে। পাসের হার ৯৭. ৬৭%। গণনায় ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার গুণগত মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত সংস্থা “বিয়াম ফাউন্ডেশন ” পরিচালিত এই বিদ্যাপীঠটি দ্রুত এলাকার মধ্যে আস্থার জায়গা হয়ে উঠেছে।
উপজেলা পর্যায়ে প্রথম অবস্থান করায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই অসাধারণ অর্জনের জন্য শিক্ষার্থীরা উল্লেখ করেছে: নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি ও পাঠগ্রহণ।
পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা ও সব সময়ের দিকনির্দেশনা। পড়াশোনায় পরিবার থেকে উৎসাহ ও সাহায্যকারি পরিবেশ।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাদত হোসেন বলেন, “শিক্ষকদের নিবিড় নজরদারি, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সৎ সহযোগিতার কারণেই আমাদের এই সাফল্য। শিক্ষার মান আরও উন্নত করে ভবিষ্যতে সাফল্যের এই ধারাকে বহাল রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

