মো: জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ইউনিক কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের পরিচালক মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত ধরা, ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার মানুষ।
আজ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ইউনিক কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে তাঁদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপির কপি কিশোরগঞ্জের পুলিশ সুপারের কাছেও দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি কিছু দুর্বৃত্ত ইউনিক কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের পরিচালক মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা করেছে। এতে দাবি করা হয়েছে যে পরিচালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর তাঁর পরিবারে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
বক্তারা বলেন, একজন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষানুরাগী ব্যক্তির ওপর এ ধরনের হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। যদি দ্রুত হামলাকারীদের আইনত দণ্ডবিধির আওতায় আনা না হয় তবে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলেও তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।
স্মারকলিপিতে হামলার ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের চিহ্নিত ও দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, আহত মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যবস্থা করার দাবি উত্থাপন করা হয়।
এ সময় স্মারকলিপিদাতারা জেলা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান।
ইউনিক কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সমর্থনে মো. আরিফুল ইসলাম ও নুরুল ইসলাম নূরুলসহ সংশ্লিষ্টরা স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

