মো: আল-মাহফুজ শাওনঃ
পরিবেশ সুরক্ষা, নগরীর সবুজায়ন বাড়ানো এবং জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নাগরিক ফোরামের উদ্যোগে খুলনা সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি চলছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে ওয়ার্ডের বিভিন্ন রাস্তা, খোলা স্থান এবং জনসাধারণের চলাচলের স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে। কর্মসূচির আয়োজকরা জানান, নগরীর পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য খুলনা তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নাগরিক ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু গাছ লাগানো নয়, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ওপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও এ কর্মসূচিতে যুক্ত করে গাছের চারা রোপণ ও পরিচর্যায় উৎসাহিত করা হচ্ছে।
| কয়রার বিদ্যালয়ে বৃক্ষরোপণ না করার অভিযোগ, দেয়ালে ‘Joy Bangla’ লেখা |
আয়োজকরা আরও জানান, ”পরিবেশ রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই খুলনা সিটি এলাকার বিভিন্ন ওয়ার্ডে ধাপে ধাপে এ ধরনের কর্মসূচি আরও বাড়ানো হবে।”
নগরবাসীকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে নাগরিক ফোরামের নেতৃবৃন্দ বলেন, ”একটি গাছ একটি ভবিষ্যৎ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনা নগরীকে আরও সবুজ, পরিষ্কার ও বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব।”

