রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর বিল অঞ্চলে যৌথভাবে পরিচালিত অভিযানের মাধ্যমে প্রায় এক লাখ টাকার নিষিদ্ধ রিং জাল এবং কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত এই অভিযানে সালান্দর বিলের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ব্যবহৃত নিষিদ্ধ রিং জাল এবং কারেন্ট জাল উদ্ধার করা হয়। এরপর উদ্ধার করা জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা প্রশাসন এবং জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রজনন মৌসুমে মাছের যথাযথ বিচরণ এবং বংশবিস্তার নিশ্চিতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা হলে মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। তাই এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে।
এদিকে, এই সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলেদের আইন অনুযায়ী মাছ ধরা এবং নিষিদ্ধ জাল ব্যবহার না করার বিষয়ে আহ্বান জানান।

