প্রিন্ট এর তারিখ: জুলাই ৯, ২০২৬, ৮:৫২ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২, ২০২৬, ৬:৪৮ পি.এম.

রামুতে বাঁশ বাগানের নিচে পরিত্যক্ত নবজাতক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে

এম, এ মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ছড়ারকুল এলাকার একটি বাঁশ বাগানের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি ফুটফুটে নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) সকালে দুই অজ্ঞাতপরিচয় নারী ওই এলাকায় নবজাতক শিশুটিকে রেখে দ্রুত চলে যান বলে স্থানীয়দের দাবি। পরে বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা শিশুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির বাবা-মা বা কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। কে বা কারা কী কারণে নবজাতকটিকে এভাবে ফেলে রেখে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা শিশুটির প্রকৃত পরিচয় শনাক্ত এবং তার পরিবারের সন্ধান বের করতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।