Site icon দৈনিক নবদিগন্ত

শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

সংগ্রহীত

চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণ ও হত্যার পর মরদেহ খণ্ডবিখণ্ড করার মামলায় প্রধান আসামি মো. আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবির আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন, উদ্ধার করা আলামত এবং সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত, নির্মম ও নৃশংস; যা সমাজে আতঙ্ক সৃষ্টিকারী অপরাধ। আদালতের মতে, অভিযুক্ত টেলিভিশন অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’ থেকে প্রভাবিত হয়ে এ অপরাধ সংঘটিত করেছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জালাল উদ্দিন জানান, মামলায় মোট ৩৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। যুক্তিতর্ক শেষে আদালত এই রায় দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় শিশু আয়াত। পরে তদন্তে বেরিয়ে আসে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাকে অপহরণ করেছিলেন তাদের বাসার ভাড়াটে আবির। পরিকল্পনা ব্যর্থ হলে তিনি আয়াতকে হত্যা করেন এবং মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন।

ঘটনার তদন্ত শেষে ২০২৩ সালের ১০ অক্টোবর পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় আবিরের সঙ্গে ১৭ বছর বয়সী আরেকজনকে আসামি করা হয়। তিনি কিশোর হওয়ায় তার বিচার শিশু আদালতে পৃথকভাবে চলমান রয়েছে।

Exit mobile version