Site icon দৈনিক নবদিগন্ত

বাহুবলে জনসেবামুখী প্রশাসনে প্রশংসিত ইউএনও উজ্জ্বল রায়

বাহুবলে জনসেবামুখী প্রশাসনে প্রশংসিত ইউএনও উজ্জ্বল রায়

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রশাসনিক অঙ্গনে মানবিকতা, সততা ও কর্মদক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

নম্র, ভদ্র ও সদালাপী এই কর্মকর্তা অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখে বিসিএস ক্যাডারে যোগদানের পর থেকেই তিনি নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন। তার অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বর্তমানে বাহুবল উপজেলায় যোগদানের কয়েক মাসের মধ্যেই প্রশাসনিক কর্মকাণ্ডে সুস্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। বিশেষ করে দাপ্তরিক দীর্ঘসূত্রতা পরিহার, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।

তার নেতৃত্বে উপজেলায় বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প। শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত খাতে নেওয়া কার্যকর পদক্ষেপ ইতোমধ্যেই দৃশ্যমান পরিবর্তন আনতে শুরু করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি কখনো সরকারি নির্দেশনা বাস্তবায়নে মানুষকে সচেতন করছেন, কখনো প্রতিমাসে নিজের বেতনের টাকা থেকেও ব্যয় করছেন অসহায় মানুষের জন্য। উপজেলা প্রশাসনের দায়িত্বের পাশাপাশি একাধারে উপজেলা পরিষদ ও সহকারী ভূমি কমিশনার দায়িত্ব পালন করছেন তিনি। কাজ পাগল মানুষ বলতে যা বোঝায় এ যেন ঠিক তাই! সকাল নয়টা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত দাফতরিক কাজ করা এটা যেন তার প্রতিদিনের রুটিন। তিন দফতরের কাজের পাশাপাশিও উপজেলার বিভিন্ন হতদরিদ্র, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা, গরিব মেধাবী ছাত্র-ছাত্রীর পাশে সহযোগিতার হাত বাড়ানো প্রতিদিনের রুটিনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে বাহুবল ইউএনওর।

রাতদিন এভাবেই তার ওপর অর্পিত দায়িত্ব ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। যেখানেই আইনের লঙ্ঘন সেখানে প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনায় তো রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন রোধ, কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে মালামাল মজুদকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা, যানজট নিরসন, খাল উদ্ধার ও মাদক কারবারিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা। জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষের অভিযোগ গ্রহণে তিনি দপ্তরের দরজা উন্মুক্ত রেখেছেন, যা প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়েছে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকবিরোধী কার্যক্রমেও তার সক্রিয় ভূমিকা উপজেলায় ইতিবাচক পরিবর্তন আনছে বলে মনে করছেন স্থানীয়রা। যোগদানের পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও আর্তমানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করে ইতোমধ্যে তিনি ব্যাপক সুনাম কুড়িয়েছেন। বিভিন্ন জাতীয় দিবসগুলো জমকালো এবং দৃষ্টিনন্দন করে পালন করার নজির সবার মুখে মুখে। উপজেলাজুড়ে সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানেও তার উপস্থিতি চোখে পড়ার মতো। তিনি যোগদানের পরে মুক্তিযোদ্ধা ও হতদরিদ্র পরিবারের মাঝে সহযোগিতা করা, শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষায় নকলমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে খোঁজখবর নেন। শিক্ষাক্ষেত্রে তার জুড়িমেলা ভার। অনেক গরিব মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করে চলেছেন জনবান্ধব ইউএনও। ইউএনও উজ্জ্বল রায়ের এ ব্যতিক্রম কর্মোদ্যম ও দায়িত্ববোধ এ উপজেলায় দিন দিন যোগ হচ্ছে উন্নয়নের নতুন মাত্রা।

তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। ব্যবসায়ী ফরিদ মিয়া বলেন, একজন ইউএনও এতটা কাজপাগল ও জনপ্রিয় হতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত ইউএনও উজ্জ্বল রায়। সে কারণে এ এলাকার মানুষ তাকে আস্থা ও নির্ভরতার ঠিকানা হিসেবে খুঁজে পেয়েছেন। সেবা নিতে আসা কয়েকজন বলেন, উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় কথাবার্তায় মার্জিত ও আচরণে অত্যন্ত ভদ্র এবং সৎ কাজ পাগল একজন মানুষ। অসহায়, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে হয়ে উঠেছেন একজন মানবিক ইউএনও।

ইউএনও উজ্জ্বল রায় বলেন, আমি কাজে বিশ্বাসী। মানুষের পাশে দাঁড়াতে চাই। দেশের জন্য কাজ করাই আমার লক্ষ্য। বাহুবলের মানুষের পাশে থাকবো। চেষ্টা করবো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। আমার ওপর অর্পিত সব দফতরের সরকারি নির্দেশনা সফলভাবে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। কোনো সমস্যা মনে হলে আমার কাছে আসুন। ভুল ত্রুটি দেখিয়ে দেন। আমি সবার সহযোগিতায় সমাধান করার চেষ্টা করব। আমার একটাই ম্যাসেজ ‘জনসেবাই জনপ্রশাসন’।’ সচেতন মহলের অভিমত, বাহুবলে সার্বিক উন্নয়ন এবং সরকারের রূপকল্প বাস্তবায়নে এমন সৎ, দক্ষ ও মানবিক কর্মকর্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Exit mobile version