বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর বলেন, মানবসৃষ্ট কোনো মতবাদ মানুষের সব সমস্যার স্থায়ী সমাধান দিতে সক্ষম নয়। তিনি উল্লেখ করেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পারিশ্রমিক পরিশোধের গুরুত্ব রয়েছে এবং শ্রমিক-মালিক উভয়ের কল্যাণে ন্যায্যতা ও নীতির চর্চা জরুরি।
তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রেই শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থার পরিবর্তনে ন্যায্য শ্রমনীতি বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।
শুক্রবার (১ মে) দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে এসব কথা বলা হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, পৌর শাখার উপদেষ্টা এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, আব্দুস সোবহান, সেক্রেটারি মতিউর রহমান, পৌর সেক্রেটারি মোহাম্মদ জাহেদুর রহমান এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক আল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু এবং পরিচালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক।
এর আগে বিশ্বনাথ মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা ও পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুতে গিয়ে শেষ হয়।

