Site icon দৈনিক নবদিগন্ত

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

সুনামগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার
মোঃ নোমান হাসান খাঁন:

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে রজনীগঞ্জ টানাখালী বাজারের স্কুল মার্কেটে এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে ব্যবসায়ী আতাউর রহমানের কাপড়ের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের সারজুল মিয়া, আল আমিন, আব্দুস সালাম, অজয় দাস ও শাহজাহান মিয়ার মুদি দোকানসহ মোট ৬টি দোকানে। এতে দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দিরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়।

দিরাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশির কুমার দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন এবং ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে জেলা প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

Exit mobile version