Site icon দৈনিক নবদিগন্ত

মাদক নয়, খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী: জেলেখালি ভাই ভাই সংঘের উদ্যোগ

মাদক নয়, খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী: জেলেখালি ভাই ভাই সংঘের উদ্যোগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

যুব সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হেতালখালি ও হরিনগর গ্রামের তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেছে জেলেখালি ভাই ভাই সংঘ।

রবিবার সকাল ৮টায় সংঘের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে যুবকদের হাতে ফুটবল তুলে দেন সংগঠনের সিনিয়র সদস্য ও সাংবাদিক এম এ রশিদ।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি, শিক্ষানবিশ আইনজীবী ও কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার)।

এ সময় কৃষ্ণপদ পরমান্য বলেন, বর্তমান প্রেক্ষাপটে তরুণদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি যুবকদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্থানীয় যুবক, গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

Exit mobile version