হাইতির বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত জয়ে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। তবে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে থাকলেও এখনো দ্বিতীয় পর্বে ওঠা নিশ্চিত করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে ভিনিসিয়ুস জুনিয়রদের নকআউট পর্বের ভাগ্য।
জিতলেই নিশ্চিত নকআউট
স্কটল্যান্ডকে হারাতে পারলে ৭ পয়েন্ট নিয়ে সরাসরি শেষ ৩২-এ জায়গা করে নেবে ব্রাজিল। সে ক্ষেত্রে মরক্কো হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলেও ব্রাজিল শীর্ষ দুইয়ের বাইরে যাবে না। গোল ব্যবধানে এগিয়ে থাকলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেও পরবর্তী পর্বে যেতে পারে সেলেসাওরা।
ড্র করলেও সুযোগ থাকবে
স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলে ব্রাজিলের পয়েন্ট হবে ৫। তখন নজর রাখতে হবে মরক্কো-হাইতি ম্যাচের দিকে। মরক্কো যদি ড্র করে, গোল ব্যবধানে এগিয়ে থাকলে ব্রাজিল গ্রুপসেরা হয়ে নকআউটে উঠবে। আর মরক্কো জিতলে ব্রাজিল দ্বিতীয় স্থান নিয়ে পরবর্তী পর্বে যাবে।
হারলেই বাড়বে শঙ্কা
স্কটল্যান্ডের কাছে হেরে গেলে ব্রাজিলের পয়েন্ট থাকবে ৪, আর স্কটল্যান্ড উঠে যাবে ৬ পয়েন্টে। তখন ব্রাজিলকে নির্ভর করতে হবে মরক্কোর ফলাফলের ওপর।
মরক্কো যদি হাইতির বিপক্ষে জয় বা ড্র করে, তাহলে ব্রাজিল গ্রুপে তৃতীয় স্থানে নেমে যাবে। সেক্ষেত্রে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় থেকে নকআউট নিশ্চিত করতে হবে। ১২টি গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে শীর্ষ আটে থাকতে হবে তাদের।
তবে মরক্কো যদি হাইতির কাছে হেরে যায়, তাহলে গোল ব্যবধানে এগিয়ে থেকে ব্রাজিল দ্বিতীয় স্থান অর্জন করতে পারে।
অন্যথায় ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কায় পড়বে ব্রাজিল।
| দল | ম্যাচ | জয় | পরাজয় | ড্র | গোল ব্যবধান | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|
| ব্রাজিল | ২ | ১ | ০ | ১ | +৩ | ৪ |
| মরক্কো | ২ | ১ | ০ | ১ | +১ | ৪ |
| স্কটল্যান্ড | ২ | ১ | ১ | ০ | ০ | ৩ |
| হাইতি | ২ | ০ | ২ | ০ | -৪ | ০ |