Site icon দৈনিক নবদিগন্ত

বিশ্বকাপ ট্রফির অজানা ইতিহাস ও রোমাঞ্চকর অধ্যায়

বিশ্বকাপ ট্রফির অজানা ইতিহাস ও রোমাঞ্চকর অধ্যায়

বিশ্বকাপ ট্রফির অজানা ইতিহাস ও রোমাঞ্চকর অধ্যায়

ফুটবল বিশ্বকাপের সোনালি ট্রফি শুধু একটি পুরস্কার নয়, বরং কোটি ফুটবলপ্রেমীর আবেগ ও স্বপ্নের প্রতীক। এই ট্রফি ঘিরে রয়েছে দীর্ঘ ইতিহাস, নাটকীয় ঘটনা ও বিস্ময়কর কিছু অধ্যায়।

বিশ্বকাপ ফুটবলের সূচনা হয় ১৯৩০ সালে উরুগুয়েতে। তখন বিজয়ী ট্রফিটির নাম ছিল ‘ভিক্টরি ট্রফি’। পরবর্তীতে ফিফার তৎকালীন সভাপতি জুলে রিমের নামানুসারে এর নাম রাখা হয় ‘জুলে রিমে ট্রফি’। ফরাসি ভাস্কর আবেল লাফ্লেউর তৈরি এই ট্রফিটি সোনার প্রলেপযুক্ত রুপা দিয়ে নির্মিত এবং এর ভিত্তিতে নীল ল্যাপিস লাজুলি পাথর ব্যবহার করা হয়েছিল। ট্রফিটির উচ্চতা ছিল প্রায় ৩৫ সেন্টিমিটার এবং ওজন প্রায় সাড়ে তিন কিলোগ্রাম।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রফিটি লুটপাটের ঝুঁকিতে পড়ে। তবে ইতালীয় ফুটবল কর্মকর্তা ওত্তোরিনো বারাসসি নিজের উদ্যোগে সেটিকে গোপনে রোমের একটি ব্যাংকের সিন্দুক থেকে সরিয়ে নিরাপদ স্থানে লুকিয়ে রেখে রক্ষা করেন।

১৯৬৬ সালে ইংল্যান্ডে বিশ্বকাপের আগে ট্রফিটি চুরি হয়ে যায়, যা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে ডেভিড করবেটের কুকুর ‘পিকলস’-এর সহায়তায় দক্ষিণ লন্ডনের একটি স্থান থেকে ট্রফিটি উদ্ধার করা হয়।

১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বার শিরোপা জয়ের মাধ্যমে জুলে রিমে ট্রফিটি স্থায়ীভাবে নিজেদের করে নেয়। কিন্তু ১৯৮৩ সালে এটি ব্রাজিলে চুরি হয়ে যায় এবং পরবর্তীতে গলিয়ে ফেলা হয় বলে ধারণা করা হয়।

এরপর ১৯৭৪ সাল থেকে শুরু হয় বর্তমান বিশ্বকাপ ট্রফির যাত্রা। ইতালীয় ভাস্কর সিলভিও গাজ্জানিগার নকশায় তৈরি এই ট্রফিটি ১৮ ক্যারেট সোনা দিয়ে নির্মিত। এতে দুই মানবমূর্তি পৃথিবীকে উঁচিয়ে ধরার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। ট্রফিটির উচ্চতা প্রায় ৩৬ সেন্টিমিটার এবং ওজন ৬ কিলোগ্রামের কিছু বেশি।

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত মাত্র আটটি দেশ শিরোপা জিতেছে। ব্রাজিল সর্বাধিক পাঁচবার, এরপর জার্মানি ও ইতালি চারবার করে, আর্জেন্টিনা তিনবার, উরুগুয়ে ও ফ্রান্স দু’বার করে এবং ইংল্যান্ড ও স্পেন একবার করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।

Exit mobile version