Site icon দৈনিক নবদিগন্ত

বাফুফের ইয়েস কার্ড পেলেন বিশ্বনাথের সাঈদ খান

বাফুফের ইয়েস কার্ড পেলেন বিশ্বনাথের সাঈদ খান

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া:

বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর অধীনে অনূর্ধ্ব-১৭ জাতীয় দল গঠনের লক্ষ্যে আয়োজিত বাছাই কার্যক্রমে সাফল্য অর্জন করেছেন বিশ্বনাথের তরুণ ফুটবলার সাঈদ খান।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত ১৩০ জন ফুটবলারের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্যাম্পে টানা ৮ দিনের অনুশীলন ও পারফরম্যান্স মূল্যায়ন শেষে ৩৬ জনকে ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়। এই তালিকায় বিশ্বনাথ উপজেলার একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জাহারগাঁও গ্রামের ফরমান খানের কনিষ্ঠ পুত্র সাঈদ খান।

এছাড়া সিলেট জেলা থেকে সাঈদের সঙ্গে গোলাপগঞ্জের ফুটবলার তানজিলও ‘ইয়েস কার্ড’ পেয়েছেন, যা পরবর্তী ধাপে অগ্রগতির গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহী সাঈদ নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন। স্থানীয় বিভিন্ন টুর্নামেন্টে তার পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। তিনি বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে দলের হয়ে খেলেছেন এবং বাফুফে অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপের সিলেট পর্বে শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন।

জাতীয় পর্যায়ের এই অর্জনকে ভবিষ্যতে আরও বড় সাফল্যের সম্ভাবনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাফুফের এই বাছাই কার্যক্রমের মাধ্যমে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা হচ্ছে, যেখানে সাঈদের মতো তরুণদের অন্তর্ভুক্তি দেশের ফুটবলের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে ।

Exit mobile version