দৈনিক নবদিগন্ত

সব ধরনের খেলাধুলার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

সব ধরনের খেলাধুলার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

পর্যটন নগরী কক্সবাজার-এর সমুদ্রসৈকতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় লাবনী পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়া খাতকে এগিয়ে নিতে সরকার শুধু ক্রিকেট বা ফুটবলে সীমাবদ্ধ নয়, বরং সার্ফিংসহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে কাজ করছে।

তিনি জানান, ইতোমধ্যে অনেক খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হয়েছে এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা ক্রীড়া ফেডারেশনগুলোকেও সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারী সার্ফারদেরও বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এবারের প্রতিযোগিতায় তিনটি বিভাগে শতাধিক সার্ফার অংশ নিচ্ছেন। আয়োজকদের আশা, এই আয়োজন দেশে সার্ফিংয়ের জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে।

Exit mobile version