ডেঙ্গু সমস্যা সমাধানে জনসচেতনতা বাড়ানো, মশক ধ্বংসের কাজ জোরদার করা এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগরের উদ্যোগে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে নেতৃত্ব দেন এবং লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
লিখিত বক্তব্যে তিনি ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের তাড়াতাড়ি শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যক্তি, পরিবার, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সকলের সম্মিলিতভাবে কাজ করা আবশ্যক। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের এলাকায় যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
প্রেস ব্রিফিংয়ে ডেঙ্গুর প্রজনন স্থান ধ্বংস, নিয়মিত মশক ধ্বংসের কাজ পরিচালনা এবং নগরীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর ওপর বিশেষ নজরদারি বাড়ানোর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোতে যথেষ্ট প্রস্তুতি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এই সময় খুলনা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির নেতারা ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজেদের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি জনস্বার্থে ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম অধিক কার্যকর ও সমন্বিত করার উপর গুরুত্বারোপ করেন।