নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ও ভূলতা ইউনিয়ন নিয়ে যৌথ পৌরসভা গঠনের উদ্যোগকে সস্তুষ্টির সঙ্গে গ্রহণ করেছেন গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেন। তিনি বলেন, যদি এই উদ্যোগ বাস্তবায়িত হয়, তাহলে রূপগঞ্জের এই এলাকা আধুনিক নগর সুবিধা পাবে এবং এলাকার উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি হবে।
সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যৌথ পৌরসভা গঠনের জন্য প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন চেয়ে সরকারি পত্র পাঠানো হয়েছে।
২২ জুলাই ২০২৬ তারিখে পাঠানো ওই চিঠিতে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে গোলাকান্দাইল ও ভূলতা ইউনিয়নের পুরো এলাকায় পৌরসভা গঠনের জন্য জনসংখ্যা, আয়তন, ভূমির শ্রেণীবিভাগ, মৌজা, জে. এল. নম্বর, দাগ নম্বর, ডিজিটাল মানচিত্র, সম্ভাব্য রাজস্ব আয়সহ বিভিন্ন তথ্য দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রশাসনিক কাজ সম্পন্ন হলে আগামী ২৮ জুলাইয়ের পরে প্রস্তাবিত ভূলতা–গোলাকান্দাইল যৌথ পৌরসভার গেজেট প্রকাশের আশা রয়েছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সরকারি গেজেট প্রকাশিত হয়নি।
| দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার গল্প, গোলাকান্দাইলে আলোচনায় ওমর হোসেন |
এ প্রসঙ্গে ওমর হোসেন বলেন, “গোলাকান্দাইল ও ভূলতা ইউনিয়ন নিয়ে যৌথ পৌরসভা গঠনের উদ্যোগ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা। পৌরসভা কার্যকর হলে আধুনিক নাগরিক সেবা, উন্নত সড়ক যোগাযোগ, পরিকল্পিত নগরায়ণ, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
তিনি আরও বলেন, “আমরা আশাবাদী, আগামী ২৮ জুলাইয়ের পরে গেজেট প্রকাশের মাধ্যমে এই উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে যাবে। যৌথ পৌরসভা প্রতিষ্ঠিত হবার ফলে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসার এবং নাগরিক জীবনের মানও উন্নত হবে।”
ওমর হোসেন জানান, “এটি কোনো ব্যক্তি বা দলের অর্জন নয়; এটি ভূলতা ও গোলাকান্দাইলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফল। উন্নয়ন এই ধারাকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি ভূলতা ও গোলাকান্দাইলের সব শ্রেণির মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
এদিকে যৌথ পৌরসভা গঠনের প্রস্তাবের কারণে এলাকায় ইতোমধ্যেই উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশা, প্রস্তাবটি বাস্তবায়িত হলে পরিকল্পিত নগরায়ণ, উন্নত নাগরিক সেবা, কর্মসংস্থান বৃদ্ধি এবং আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে ভূলতা–গোলাকান্দাইল রূপগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ ও উন্নত পৌর এলাকায় পরিণত হবে।