প্রিন্ট এর তারিখ: জুলাই ১৮, ২০২৬, ২:১০ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১৮, ২০২৬, ১:০৩ এ.এম.

বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠনের জন্য প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া এ সম্মেলন দিনব্যাপী আলোচনা, মতবিনিময়, সাংগঠনিক পর্যালোচনা এবং কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সম্মেলনে টাঙ্গাইল জেলার কালিহাতী, গোপালপুর, ভূঞাপুর, মির্জাপুর, সখীপুর, দেলদুয়ার ও মধুপুর উপজেলার প্রতিনিধিসহ অনেক নেতাকর্মী ও সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বাসফোরের নেতা জয় রাজ। সভাপতিত্ব করেন বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা কমিটির উপদেষ্টা শ্রী চাপাতি বাসফোর। এ সময় নবনির্বাচিত সভাপতি আছূয়া বাসফোরকে শপথবাক্য পাঠ করানো হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের যুগ্ম মহাসচিব সুমন হেলা, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক জীবন বাসফোর, সহ-সাংগঠনিক সম্পাদক লিটন হেলা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সূচনা হেলা এবং নির্বাহী সদস্য সাগর কুমার বাসফোর।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন হিরালাল বাসফোর, মতিলাল বাসফোর, তিলিয়া বাসফোর, নিপু বাসফোর ও মানিক বাসফোর, উপজেলা পর্যায়ে, অমিত বাসফোর প্রচার সম্পাদক, অনিক বাসফোর ক্রীড়া সম্পাদক, দিপ বাসফোর অর্ধ সম্পাদক, সদস্য রাহুল বাসফোর, সদস্য সুরেশ বাসফোর প্রমূখ।

কাউন্সিল শেষে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, হরিজন জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, প্রতিনিধি ও সদস্যদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের কালিহাতী, গোপালপুর, ভূঞাপুর, মির্জাপুর, সখীপুর, দেলদুয়ার ও মধুপুর উপজেলা কমিটি।