
মো: আল-মাহফুজ শাওন
দেশের পুলিশ বাহিনীর ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে নতুন নকশার গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট পরে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। সরকার ঘোষিত নতুন ইউনিফর্ম নীতির অংশ হিসেবে এই পরিবর্তন কার্যকর হয়েছে।
বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়। একই অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিধান করেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম পরিধান শুরু হয়েছে। তবে এখনো সব সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবাই নতুন ইউনিফর্ম পাবেন এবং যাদের কাছে নতুন পোশাক পৌঁছেছে তারা ইতোমধ্যে তা ব্যবহার শুরু করেছেন।
২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে বিভিন্ন সংস্কারের দাবি ওঠে। এর অংশ হিসেবে ইউনিফর্মেও পরিবর্তন আনা হয়। গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় একটি নতুন ইউনিফর্ম অনুমোদিত হয়। সে অনুযায়ী লোহা-ধূসর রঙের শার্ট এবং কফি-বাদামি ধূসর রঙের প্যান্ট চালু করা হয়েছিল, যা ২৫ নভেম্বর থেকে কার্যকর হয়।
তবে ওই ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে ভিন্নমত দেখা দেয়। পরবর্তীতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ইউনিফর্ম পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশ সদর দপ্তর গত ১৮ জুন জারি করা প্রজ্ঞাপনে ইউনিফর্মের রং ও নকশায় নতুন পরিবর্তনের কথা জানায়। নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য খাকি রঙের ট্রাউজার এবং গাঢ় নীল টিসি প্লেইন কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। শার্টে চারটি পকেট ও সাতটি বোতাম থাকবে। একই সঙ্গে জার্সি, কার্ডিগান ও পুলওভারের রংও গাঢ় নীল করা হয়েছে।
নতুন প্রজ্ঞাপনে নারী পুলিশ সদস্যদের পোশাক সম্পর্কেও পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরিধানের বিধান রাখা হয়েছে।
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী অনুমোদিত গাঢ় নীল মাথার আবরণ ব্যবহার করা যাবে। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সাধারণ পোশাক পরার সুযোগও রাখা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব সদস্যের কাছে নতুন ইউনিফর্ম সরবরাহ করা হবে। শিগগিরই পুরো পুলিশ বাহিনী নতুন পোশাকে দায়িত্ব পালন করবে।