মো: আল-মাহফুজ শাওন:
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য তালিকা একই দিন সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।
বাজুসের মতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
সংশোধিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি পৃথকভাবে যুক্ত হবে। নির্ধারিত মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।
এছাড়া স্বর্ণালঙ্কার ক্রয়-বিক্রয় ও এক্সচেঞ্জের ক্ষেত্রে পূর্বের নীতিমালা বহাল থাকবে বলেও জানানো হয়েছে। রুপার অলঙ্কারের ভ্যাট সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে পৃথক সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, এর আগের দিনও ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছিল। ফলে দুই দিনের ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৭ হাজার ৬৯৮ টাকা হ্রাস পেয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরে স্বর্ণের দামে ঘন ঘন পরিবর্তন ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৮১ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪০ বার বৃদ্ধি, ৪০ বার হ্রাস এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।