মো: আল-মাহফুজ শাওন:
বাংলাদেশের ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (TOAB) ২০২৬-২০২৮ সময়কালের আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থিতা পেশ করেছেন সুন্দরবনের ট্যুর অপারেটর এসোসিয়েশনের (TOAS) সভাপতি মঈন জমাদ্দার। তিনি “কনশাস্ রিলায়েন্স ফোরাম” প্যানেল থেকে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই সংগঠনটির সদস্য এবং সমর্থকদের মাঝে উচ্চ উদ্দীপনা তৈরি হয়েছে। পর্যটন শিল্পের উন্নয়ন এবং সুন্দরবন নির্ভর ট্যুর অপারেটরদের স্বার্থ রক্ষায় দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালানোর কারণে মঈন জমাদ্দারের প্রার্থিতা সম্পর্কে বেশ আলোচনা হচ্ছে।
TOAS নেতারা জানান, সুন্দরবনভিত্তিক পর্যটন খাতের প্রসার, পর্যটকদের জন্য নিরাপদ এবং মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করা এবং ট্যুর অপারেটরদের অধিকার প্রতিষ্ঠায় মঈন জমাদ্দার দীর্ঘকাল ধরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি পর্যটন খাতের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
নেতারা আরো বলেন, দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে দক্ষ, অভিজ্ঞ এবং দূরদর্শী নেতা আবশ্যক। এই প্রেক্ষিতে, মঈন জমাদ্দারের অভিজ্ঞতা এবং সংগঠন পরিচালনার দক্ষতা TOAB-এর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।
অন্যদিকে, মঈন জমাদ্দারের মনোনয়নকে কেন্দ্র করে পর্যটন ক্ষেত্রের মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সংগঠনের নেতারা এবং সমর্থকরা তাঁকে বিজয়ী করার জন্য সবার সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।

