মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার:
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সংবিধান স্বীকৃত সাংবাদিকদের ন্যায্য অধিকার দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। স্বাধীনতার পর গত ৫৫ বছরেও সাংবাদিকদের জীবনমান উন্নয়ন, পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের “জাতির বিবেক” বলা হলেও বাস্তবে তাদের নানা বঞ্চনা, হয়রানি ও অনিরাপত্তার মধ্য দিয়ে কাজ করতে হয়। বিভিন্ন সরকার আশ্বাস দিলেও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলেও দাবি করেন তারা।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিক তালিকা প্রণয়ন ও সুরক্ষা আইন নিয়ে আলোচনা শুরু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। তবে এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নে প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রী ও তথ্য মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তারা। তারা আরও বলেন, শুধু নির্দিষ্ট গোষ্ঠীর মতামতের ভিত্তিতে নয়, দেশের ৬৩ জেলার কর্মরত সাংবাদিকদের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যাকে গুরুত্ব দিয়ে নীতিমালা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে দ্রুত সাংবাদিক নিয়োগ নীতিমালা, জাতীয় সাংবাদিক তালিকা ও সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করার দাবি জানান বক্তারা।
সমাবেশ থেকে গণমাধ্যম খাতের উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে স্বীকৃতি প্রদান প্রেস কাউন্সিলকে আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর তথ্য মন্ত্রণালয়ের অধীনে গণমাধ্যম নিবন্ধন ও নিয়ন্ত্রণ কাঠামো শক্তিশালী করা গুজব ও যাচাইবিহীন তথ্য প্রচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ বক্তারা জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ারও দাবি জানান।
পাশাপাশি সাংবাদিক সমাজের উত্থাপিত ১৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, এসব দাবি পূরণ হলে দেশের গণমাধ্যম খাতে ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর, বাংলাদেশ সোশ্যাল মিডিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মো. শফিকুল ইসলাম সাইমন, ওমর ফারুক জালাল, মঞ্জুর হোসেন ঈশা, কবি অশোক ধর, জহিরুল ইসলাম, সুজন মাহমুদ, আবু বকর সিদ্দিক, মিজানুর রহমান মোল্লা, বীথি মোস্তফা ও গাজী মামুনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে শুরু হয়ে রমনা পার্ক গিয়ে শেষ হয়।

