জাতীয় সংসদে বিএনপির এক সংসদ সদস্যের ‘জুলাই সনদ’ নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে তীব্র হইচই ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির আগে এ ঘটনা ঘটে।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য মঞ্জুরুল করিম বলেন, বিরোধী পক্ষ সংসদের শুরু থেকেই ‘জুলাই সনদ’ নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করছে।
তার এ বক্তব্যের পর জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের ধারাবাহিকতায় গঠিত সংসদে ‘জুলাই’ বা ‘জুলাই সনদ’ নিয়ে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়।
এরপর সংসদে একপর্যায়ে সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হইচই শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদস্যদের উদ্দেশে বলেন, সংসদে মতভিন্নতা থাকবে, তবে তা শালীনভাবে প্রকাশ করতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যেকে স্পিকারের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং অন্য সদস্যদের বক্তব্যের সময় বাধা দেওয়া উচিত নয়। গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন মত প্রকাশের সুযোগ।
স্পিকারের আহ্বানের পরও কিছু সময় হইচই অব্যাহত থাকে। পরে মাগরিবের নামাজের বিরতির মাধ্যমে অধিবেশন স্থগিত করা হয়।
বিরতির পর চিফ হুইপ জানান, বিষয়টি সংসদ সদস্য মঞ্জুরুল করিমের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনে বক্তব্যটি এক্সপাঞ্জ করার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ঘটনাটি পর্যালোচনা করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।

