মো: আল-মাহফুজ শাওন:
কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। ফলে বাংলাদেশে প্রায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে, যা লোডশেডিংয়ের শঙ্কা বাড়াচ্ছে।
পিডিবি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ইউনিটটিতে ত্রুটি দেখা দিলে সেটি বন্ধ রাখা হয়। ত্রুটি মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরতে অন্তত ৩ থেকে ৫ দিন সময় লাগতে পারে।
গত কয়েক দিন ধরে আদানি পাওয়ার থেকে গড়ে প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তবে একটি ইউনিট বন্ধ থাকায় বর্তমানে সরবরাহ কমে প্রায় ৭৫০ থেকে ৭৭০ মেগাওয়াটে নেমে এসেছে।
উল্লেখ্য, ভারতের এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশ মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। কেন্দ্রটির প্রথম ইউনিট ২০২৩ সালের মার্চে এবং দ্বিতীয় ইউনিট একই বছরের জুনে উৎপাদনে আসে।

