Site icon দৈনিক নবদিগন্ত

দেশজুড়ে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮.৫৭ লাখ শিক্ষার্থী

দেশজুড়ে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮.৫৭ লাখ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট:

দেশব্যাপী শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে।

এবার সারা দেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

দেশজুড়ে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে—৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন।

পরীক্ষার্থীরা জানায়, প্রথম দিনের পরীক্ষাকে ঘিরে কিছুটা উদ্বেগ থাকলেও তারা প্রস্তুত রয়েছে। অভিভাবকরাও সন্তানদের সঙ্গে কেন্দ্রে এসে সহযোগিতা করছেন।

এদিকে প্রশ্নফাঁস রোধে সরকার কঠোর নজরদারি জোরদার করেছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবার পর্যবেক্ষণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের নিয়ে মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে।

Exit mobile version