Site icon দৈনিক নবদিগন্ত

এভারেস্ট জয়ের লক্ষ্যে বাংলাদেশি নারী পর্বতারোহীর যাত্রা

এভারেস্ট জয়ের লক্ষ্যে বাংলাদেশি নারী পর্বতারোহীর যাত্রা

দীর্ঘ বিরতির পর আবারও এভারেস্ট জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করতে যাচ্ছেন এক বাংলাদেশি নারী পর্বতারোহী। ২০১২ সালে দুই বাংলাদেশি নারী এভারেস্ট জয় করার পর প্রায় ১৪ বছর পর নতুন করে এই চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন নুরুন্নাহার নিম্নি।

তিনি জানান, আগামী ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশে রওনা দেবেন। কাঠমান্ডু হয়ে লুকলা পৌঁছে সেখান থেকে এভারেস্ট বেসক্যাম্পে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

নেপালের একটি আন্তর্জাতিক অভিযাত্রী দলের সঙ্গে প্রায় ৫০ দিনের এই অভিযানে অংশ নেবেন তিনি। সাধারণত মে মাসের মাঝামাঝি সময়ে আবহাওয়া অনুকূলে থাকলে শীর্ষে ওঠার চেষ্টা করা হয়।

নুরুন্নাহার নিম্নি জানান, পাহাড়ের প্রতি তার ভালোবাসা তৈরি হয় ২০০৬ সালে। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। একটি শিক্ষাসফরে পাহাড়ে ওঠার অভিজ্ঞতা থেকেই তার মনে উচ্চশৃঙ্গ জয়ের স্বপ্ন জন্ম নেয়।

এরপর থেকে নিয়মিত পাহাড়ে ঘোরাঘুরি করতে থাকেন তিনি। বিশেষ করে বান্দরবানের পাহাড়ে কাটিয়েছেন অনেক সময়। ব্যক্তিগত জীবনের ব্যস্ততার মাঝেও এই আগ্রহ কমেনি, বরং সময়ের সঙ্গে আরও বেড়েছে।

তিনি জানান, দেশের বাইরে ভুটান, ভারতের সিকিম এবং নেপালের পাহাড়ে ঘোরার অভিজ্ঞতা তাকে আরও অনুপ্রাণিত করেছে। ২০১৯ সালে নেপালে ভ্রমণের পর তিনি আরও বড় লক্ষ্য নির্ধারণ করেন।

পরবর্তীতে এভারেস্ট বেসক্যাম্প ট্রেক সম্পন্ন করার অভিজ্ঞতা তাকে পর্বতারোহণে আরও সিরিয়াস হতে উৎসাহিত করে। এরপরই তিনি প্রশিক্ষণ গ্রহণের সিদ্ধান্ত নেন।

Exit mobile version