দৈনিক নবদিগন্ত

বগুড়া-৬ উপনির্বাচন বৃহস্পতিবার

বগুড়া-৬ উপনির্বাচন বৃহস্পতিবার

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৯ এপ্রিল)। ভোটগ্রহণ সামনে রেখে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠ থেকে ধাপে ধাপে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব সরঞ্জাম গ্রহণ করেছেন।

এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী— বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী সমর্থিত আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদ ইবনে আবুল ফজল জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। ভোটের জন্য নির্ধারিত হয়েছে ১৫০টি কেন্দ্র। পাশাপাশি ডাকযোগে ভোটের জন্য একটি পৃথক কেন্দ্র রাখা হয়েছে, যেখানে ৩ হাজার ৭৩৬ জন ভোটার নিবন্ধিত।

নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবির ৮ প্লাটুন সদস্য, সেনাবাহিনী এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Exit mobile version