দৈনিক নবদিগন্ত

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত

জুলাই গণআন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং তাদের আইনি সুরক্ষা দিতে জাতীয় সংসদে একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ ২০২৬’ শীর্ষক বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতভাবে গৃহীত হয়।

এই আইন কার্যকর হওয়ার ফলে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে থাকা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা এবং চলমান আইনি প্রক্রিয়া বাতিল হয়ে গেছে। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন থেকে আইনি জটিলতা ও হয়রানি থেকে মুক্ত থাকবেন।

নতুন আইনের আওতায় নির্ধারিত নিয়ম অনুযায়ী অভ্যুত্থান-সম্পর্কিত পূর্বের সব অভিযোগ দ্রুত সরকারি নির্দেশে নিষ্পত্তি করা হবে। এছাড়া একটি বিশেষ ধারায় বলা হয়েছে, ভবিষ্যতে এই আন্দোলনের সঙ্গে যুক্ত কারও বিরুদ্ধে নতুন করে কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যে বলেন, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা সরকারের দায়িত্ব। যারা জীবন ঝুঁকিতে রেখে আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের যেন আইনি জটিলতায় পড়তে না হয়, সে কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই অধিবেশনে ‘সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী) অধ্যাদেশ ২০২৬’ বিলও পাস হয়েছে। এর মাধ্যমে একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত স্থায়ী আইনি ভিত্তি পেয়েছে।

সংশোধিত আইনে বলা হয়েছে, এখন থেকে শুধু ব্যক্তি নয়, কোনো রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের থাকবে। এর ফলে সংশ্লিষ্ট দলগুলোর রাজনৈতিক কার্যক্রম সীমিত হওয়ার পথ আরও সুস্পষ্ট হলো।

Exit mobile version