হবিগঞ্জের মাধবপুরে জুলাইয়ে সংঘটিত হত্যা, হামলা, ভাঙচুর ও নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
২০২৪ সালের ১৯ জুলাই ছাতিয়াইন ইউনিয়নের শিমুলগড় গ্রামের শাহজীবাজার দরগা গেট এলাকায় ঘটেছিল হামলা ও নাশকতার ঘটনা। গোলাম মোহাম্মদ চৌধুরী বাদী হয়ে প্রায় অর্ধশতাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং কয়েকজন সাংবাদিককে মামলা করেছেন।
মামলার ৩৩ নম্বর আসামি ছিলেন মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবু এবং ১২ নম্বর আসামি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
পিবিআইয়ের পরিদর্শক বদরুল হাসান জানান, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে স্বল্প সময়ে তদন্ত সম্পন্ন করা হয়েছে। অভিযোগপত্রে দুই নেতার পরিচয় নিশ্চিত করা যায়নি। অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।
অব্যাহতি পাওয়া আওয়ামী লীগ নেতা শ্রীধাম দাশগুপ্ত বলেন, আমরা ঘটনার সঙ্গে জড়িত না হলেও অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। নতুন সরকারের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি। বাদী গোলাম মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন, তিনি পিবিআইয়ের প্রতিবেদনে সন্তুষ্ট।
