Site icon দৈনিক নবদিগন্ত

হরমুজ প্রণালির জটিলতা এড়িয়ে সৌদি আরব থেকে বিকল্প পথে তেল আমদানি করছে বাংলাদেশ

হরমুজ প্রণালির জটিলতা এড়িয়ে সৌদি আরব থেকে বিকল্প পথে তেল আমদানি করছে বাংলাদেশ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জটিলতা এড়াতে সৌদি আরব থেকে নতুন রুটে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল ( ক্রুড অয়েল) আনছে বাংলাদেশ।

জানা গেছে, লোহিত সাগরের তীরবর্তী সৌদি বন্দর ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে সরাসরি সাগরপথে এই তেল চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। পরিকল্পনা অনুযায়ী, তেলবাহী ট্যাংকারটি আগামী ২০ এপ্রিল লোড করা হবে।

অন্যদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা আরও এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বর্তমানে হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের অনুমতি না পাওয়ায় সেটি বাংলাদেশে রওনা হতে পারছে না।

যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে এই নির্দিষ্ট জাহাজটি সেই তালিকায় নেই।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানিয়েছে, নতুন রুটে আসা এক লাখ টন তেল ছাড়াও আটকে থাকা জাহাজের তেল মিলিয়ে মোট দুই লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।

পরবর্তীতে এসব তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে বাজারে সরবরাহ করা হবে, যা চলমান জ্বালানি সংকট কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Exit mobile version