প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৬:২২ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ৭, ২০২৬, ৪:০২ পি.এম.

সরকারি নথি জালিয়াতির অভিযোগে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ

 সৈয়দ আমান উল্লাহ, স্টাফ রিপোর্টারঃ

১৮ নম্বর ওয়ার্ড সচিবের দাবি— সিল-মোহর ও স্বাক্ষর জাল করে এনআইডি নিবন্ধন ও প্রত্যয়নপত্র তৈরি করা হয়েছে।
সরকারি নথি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্রে জালিয়াতির অভিযোগে সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সচিব হেলেন বেগম।

গত ২৮ জুলাই ২০২৬ তারিখে দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৬ জুলাই ২০২৬ তারিখে একটি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্রে ১৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ওয়ার্ড সচিবের সিল-মোহর ও স্বাক্ষর জাল করে উপজেলা নির্বাচন অফিসে জমা করা হয়।

অভিযোগে আরও বলা হয়, তদন্তের মাধ্যমে তিনি জানতে পারেন যে, এ জালিয়াতি চক্রের প্রধান হিসেবে মো. মাসুদুর রহমান সুমন, যাকে ‘বুলেট সুমন’ বলা হয়, জড়িত। দীর্ঘদিন ধরে তিনি ওয়ার্ড সচিবের স্বাক্ষর, সিল-মোহর ব্যবহার করে প্রত্যয়নপত্র, এনআইডি-সংক্রান্ত ফরমসহ বিভিন্ন সরকারি নথি জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন বলেও অভিযোগপত্রে দাবি করা হয়েছে।

অভিযোগকারী হেলেন বেগম বলেন, সরকারি নথি জালিয়াতির এ ধরনের কাজ জনস্বার্থ, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সাধারণ মানুষের জন্য হুমকি। তাই বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তিনি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার পক্ষ থেকে অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেলেই প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, এ ঘটনায় যাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটন করবে।