প্রিন্ট এর তারিখ: জুলাই ২৯, ২০২৬, ৫:২৬ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৮, ২০২৬, ৬:৫৬ পি.এম.

৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

মো: আল-মাহফুজ শাওনঃ

পাঁচ দফা দাবিতে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্ট সময়ের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক বাদল মাদবর। তিনি জানিয়েছেন, অনেকদিনের বিভিন্ন দাবি পূরণের উদ্দেশ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলতে থাকবে বলেও জানান তিনি।

সংগঠনের নেতারা বলেন, অ্যাম্বুলেন্স সেবাকে সুষ্ঠু ও জনবান্ধব করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাদের দাবি, অ্যাম্বুলেন্স পরিচালনার বিভিন্ন সমস্যা থাকার কারণে সেবার মান খারাপ হচ্ছে এবং মালিক ও চালকদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।

আরোও পড়ুন

নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা

পাঁচ দফা দাবি সমূহঃ
১.
অ্যাম্বুলেন্স সম্পর্কিত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন।
২.
প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য নির্দিষ্ট পার্কিং সুবিধা নিশ্চিত করা।
৩.
হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি ব্যবস্থা কার্যকর করা।
৪.
লাশবাহী ফ্রিজার ভ্যান এবং লাশ বহনরত অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা নিশ্চিত করা।
৫.
অ্যাম্বুলেন্সের জন্য ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

ধর্মঘটের ফলে জরুরি রোগী পরিবহন সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।