বগুড়া জেলার ধুনট উপজেলায় মোটরসাইকেল চুরির দলের একজন সদস্যকে আটক করে পুলিশকে দিয়েছে স্থানীয় জনগণ। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।
গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মথুরাপুর বাজার এলাকায় তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হারুন অর রশিদ (৪০) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
জানা যায়, উপজেলার শিমুলকান্দী এলাকার আব্দুল রশিদের ছেলে মোতালেব হাসান (২৫) প্রতিদিনের মতো শুক্রবার দুপুরে মথুরাপুর বাজারে তার খুদ ও ভুষির দোকানের পাশে মোটরসাইকেল রেখে ব্যবসা করছিলেন। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বাড়ি ফেরার উদ্দেশ্যে মোটরসাইকেলের কাছে গিয়ে দেখেন সেটি চুরি হয়ে গেছে।
তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে মথুরাপুর ইউনিয়ন পরিষদ এর সামনে পাকা রাস্তার উপর মোটরসাইকেল সহ চোরকে আটক করা হয়।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত হারুন অর রশিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বগুড়াসহ আশপাশের জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি এবং বিক্রেতা সেজে বেচাকেনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।
উদ্ধারকৃত মোটরসাইকেলটি একটি লাল-কালো রঙের রেজিস্ট্রেশনকৃত Bajaj Discover 125 (রেজি নং- বগুড়া-হ-১৮-৫০১৬)। ইঞ্জিন নং- JZXWNL96318, চেসিস নং- PSUB44BY4NTB21982। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১,২৭,০০০/- (এক লক্ষ সাতাশ হাজার) টাকা।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, হারুন অর রশিদ একজন পেশাদার মোটরসাইকেল চোর। তার বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে শনিবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।