রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে অফিস করবেন। তবে তিনি থাকবেন জাতীয় সংসদ ভবনের কাছে স্পিকারের সরকারি বাসভবনে।
শনিবার (২৫ জুলাই) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ নিজেই এই তথ্য জানান।
এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সংসদ ভবনের স্পিকারের সরকারি বাসভবন ও তার আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে রাষ্ট্রপতির জন্য নির্ধারিত নিরাপত্তা নিয়ম অনুযায়ী এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়।
এর আগে, শুক্রবার স্বাস্থ্যজনিত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধানের নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
| শেরপুরে লেকার ফার্নিচার শিল্পের বিকাশ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ |
দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম রাষ্ট্রীয় কাজ হিসেবে রোববার (২৬ জুলাই) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরবর্তীতে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন তিনি।
রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় বঙ্গভবন থেকেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।