মো. রিয়াদ, রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ জেলার গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক এলাকাগুলোকে নিয়ে ‘নারায়ণগঞ্জ মেট্রোপলিটন পুলিশ (এনএমপি)’ গঠনের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
এ দাবিতে গত ২৮ জুন প্রধানমন্ত্রী বরাবর একটি ডিও লেটার দিয়েছেন তিনি।
চিঠিতে এমপি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু উল্লেখ করেন, বাংলাদেশের শিল্পায়ন, রপ্তানি বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতিতে নারায়ণগঞ্জের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘প্রাচ্যের ডান্ডি’খ্যাত নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
গার্মেন্টস, নিটওয়্যার, হোসিয়ারি, টেক্সটাইল, ডাইং, প্লাস্টিক, কেমিক্যাল, সিমেন্ট, স্টিল ও জাহাজ নির্মাণসহ বিভিন্ন শিল্পখাত নারায়ণগঞ্জকে কেন্দ্র করে গড়ে উঠেছে। পাশাপাশি আদমজী ইপিজেড, ফতুল্লা বিসিক শিল্পনগরীসহ জেলার বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
চিঠিতে আরও বলা হয়, বর্তমানে নারায়ণগঞ্জে জনসংখ্যা, শিল্প-কারখানা, ব্যবসায়িক কার্যক্রম, যানবাহনের চাপ ও নগরায়ণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, রূপগঞ্জ, বন্দর, সোনারগাঁ ও আড়াইহাজারসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমিক, ব্যবসায়ী, পরিবহনকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচল রয়েছে।
এ বিশাল শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা, গোয়েন্দা নজরদারি ও দ্রুত নাগরিকসেবা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি আরও আধুনিক ও বিশেষায়িত পুলিশিং ব্যবস্থা প্রয়োজন বলে উল্লেখ করেন এমপি দিপু।
তিনি বলেন, নারায়ণগঞ্জে মেট্রোপলিটন পুলিশ গঠন করা হলে শিল্প ও বিনিয়োগ নিরাপত্তা জোরদার হবে, অপরাধ দমন ও গোয়েন্দা কার্যক্রম আরও কার্যকর হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও গতিশীলতা বাড়বে। একই সঙ্গে জরুরি নাগরিকসেবা দ্রুত নিশ্চিত করার পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে।
চিঠিতে নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন, শিল্প নিরাপত্তা, বিনিয়োগ সুরক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ‘নারায়ণগঞ্জ মেট্রোপলিটন পুলিশ’ গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়।