মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হলি কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনার জেরে চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। এই ঘটনায় নিহতের পরিবার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের কঠোর শাস্তি দাবি করেছে।
মৃত প্রসূতির নাম জান্নাতুল জীম (২১)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর আজওয়াটারী গ্রামের মোঃ জহুর আলীর কন্যা।
পারিবারিক তথ্য অনুযায়ী, গত ২৬ এপ্রিল রাতে নাগেশ্বরীর হলি কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে জান্নাতুল জীমের সিজারিয়ান অপারেশন করেন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোছাঃ রোকেয়া আক্তার বিজলী। অপারেশনের কয়েক ঘণ্টার মধ্যেই প্রসূতির স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে।
এমতাবস্থায়, ক্লিনিক কর্তৃপক্ষ ২৭ এপ্রিল তাকে রেফার করার পর তার পরিবার দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পরেও তার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় ডাক্তাররা কিডনি সমস্যা ও প্রস্রাবের নালির জটিলতার কথা জানান বলে পরিবারের দাবি।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রাইম মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে ১২ দিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর গত ১০ মে রবিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
মৃত্যুর স্বজনরা বলেন, চিকিৎসকের অবহেলার জন্য জান্নাতুল জীমের মৃত্যু ঘটেছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছেন, যেন ভবিষ্যতে অন্য কোন পরিবারও সন্তান বা প্রিয়জন হারানোর কষ্ট ভোগ না করে।
এই বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ বা অভিযুক্ত চিকিৎসকের মন্তব্য জানা যায়নি।

